সাভার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আমিনবাজারে রোববার বিকেলে ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গণপিটুনির শিকার এ দুই ব্যক্তি হলেন- সাভারের নরসিংহপুর এলাকার মর্তুজা আলীর ছেলে আমান (২৪) এবং কালু কসাইয়ের ছেলে মামুন (২৭)।
তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ জানান।
তিনি বলেন, বিকেলে সাড়ে ৫টার দিকে আমিনবাজার এলাকায় এদের আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি জানান, তারা ওই এলাকায় কেন গিয়েছিল বা ছিনতাইয়ের চেষ্টা করেছিল কিনা এসব বিষয় জানতে পুলিশ তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24