২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অভিযোগপত্রভুক্ত আসামি নিহত

রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে রোববার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অভিযোগপত্রভুক্ত এক আসামি নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্যমতে, একটি সিএনজি ফিলিং স্টেশনে ডাকাতির চেষ্টার সময় র‌্যবের সঙ্গে গোলাগুলিতে গাংচিল বাহিনীর এ সদস্য মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে রোববার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অভিযোগপত্রভুক্ত এক আসামি নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্যমতে, একটি সিএনজি ফিলিং স্টেশনে ডাকাতির চেষ্টার সময় র‌্যবের সঙ্গে গোলাগুলিতে গাংচিল বাহিনীর এ সদস্য মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে রাজধানী ও রাজধানীর আশেপাশে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পাঁচজন নিহত হলেন। নিহত রফিকুল ইসলাম আজাদ ওরফে সুমন (২৫) সাভারের বেগুনবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পুলিশের উপপরিদর্শক মতিউর হত্যা এবং আমিন বাজারে ইটভাটায় দুই র‌্যাব সদস্য হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপারেশনস) মেনহাজুল আলম জানান, সাভারের কুখ্যাত গাংচিল বাহিনী সিএনজি ফিলিং স্টেশনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে- শনিবার রাতে এ খবর পেয়ে র‌্যাব-৪ এর বিশেষ টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এনআর ফিলিং স্টেশনে হানা দেয়। কিছুক্ষণের মধ্যেই র‌্যাব-৪ এর টহল দল সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা মধুমতি মডেল টাউন এলাকা হয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করলে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। র‌্যাব কর্মকর্তা মেনহাজুল জানান, দুপক্ষের মধ্যে ৪/৫ মিনিট গুলি বিনিময় হয়। গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাব সুমনকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান. তার মৃত্যু হয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, এ ঘটনায় সাভার থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। গত ১৮ মে রাতে মিরপুর বেড়ীবাধে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন মোক্তার হোসেন ওরফে শ্যুটার মোক্তার। তিনদিন আগে শুক্রবার ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকায় মারা যান সোহেল ও বাবু নামের দুজন। ৬ মে কামরাঙ্গীরচরের শহীদ নগরে মারা গেছেন আলমগীর হোসেন ওরফে দেলোয়ার হোসেন দিলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএসবি/১৬২১ ঘ.