২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: রহিমকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শুরু

দশ ট্রাক অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবদুর রহিমকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে সারাদিন তাকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে কর্মকর্তারা কোনকিছু জানাতে রাজি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবদুর রহিমকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে সারাদিন তাকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে কর্মকর্তারা কোনকিছু জানাতে রাজি হননি। বৃহস্পতিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রহিমকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। একই মামলায় গ্রেপ্তার এনএসআই'র আরেক সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকেও দুয়েক দিনের মধ্যে ঢাকায় আনা হবে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে সারাদিন আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন কিছু বলা যাবে না।" অন্যদিকে বৃহস্পতিবার রাতে আবদুর রহিমের ওল্ড ডিওএইচএস এর বাসায় তল্লাশি চালায় সিআইডি। তবে সেখান থেকে মামলা সংশ্লিষ্ট কিছু পাওয়া গিয়েছে কিনা তাও জানাননি সিআইডি কর্মকর্তারা। গত শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে আবদুর রহিম এবং ওল্ড ডিওএইচএস এর বাসা থেকে রেজ্জাকুলকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন আহমেদ ওইদিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্র খালাস ও চোরাচালানের ঘটনায় রহিম ও রেজ্জাকুলের সংশ্লিষ্টতার কথা বলেন। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালত রেজ্জাকুল ও রহিমকে টিএফআই সেলে ছয়দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এর আগে দুজনকে তিনদিন জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালান আটক হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এ পর্যন্ত এনএসআই'র সাবেক তিন শীর্ষ পর্যায়ের এবং একজন মাঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এ পর্যন্ত দেশীয় সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও কিছু বিদেশি দূতাবাস,ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার কথা বলেছেন বলে প্রচারমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২২২৯ঘ.