২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মংলাকে চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে আনা হবে'

মংলা বন্দরের মান উন্নয়ন করে চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন। তিনি বলেন, "মংলা বন্দরের মান উন্নয়ন করে চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে আনা হবে। সে লক্ষ্যে আমরা নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সকল সদস্য আজ (শুক্রবার) মংলা যাব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

মাদারীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরের মান উন্নয়ন করে চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন। তিনি বলেন, "মংলা বন্দরের মান উন্নয়ন করে চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে আনা হবে। সে লক্ষ্যে আমরা নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সকল সদস্য আজ (শুক্রবার) মংলা যাব।" শুক্রবার সকালে মাওয়া-কাওড়াকান্দি রুটে মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠান এবং এরপর উপজেলা অতিথি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। কাঠালবাড়ি ফেরিঘাটকে প্রয়াত আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহমেদ চৌধুরীর নামে নামকরণেরও ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, "বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ড্রেজিংয়ের মাধ্যমে সরাসরি চ্যানেল তৈরি করে কাওড়াকান্দি-মাওয়া রুটের দুরত্ব কমিয়ে আনা হয়। আজ (শুক্রবার) কাঠালবাড়িতে ফেরিঘাট স্থাপন করায় এ রুটের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার কমে গেল।" আগামী অক্টোবর থেকে এ রুটে ড্রেজিং করে চ্যানেল প্রশস্ত করা হবে। পুরনো ফেরি সংস্কার করে আধুনিক করা হবে বলেও মন্ত্রী জানান। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মাসুদ ইলাহির সভাপতিত্বে উপজেলা অতিথি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী লিটন, সাংসদ মো. মাজাহারুল হক প্রধান, শামছুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু ও মোস্তফা কামাল পাশা বক্তব্য রাখেন। এ ছাড়া বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আ. মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল, জেলা প্রশাসক শশী কুমার সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর তিনি মংলা যাওয়ার পথে শিবচরের রাধা গোবিন্দ জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাযজ্ঞ নামকীর্তন অনুষ্ঠানে যোগ দেন। খুলনা প্রতিনিধি জানান, মংলা বন্দরের উন্নয়নে আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। তিনি বলেন, "মংলা বন্দরকে গতিশীল করা হবে। নদী খননের জন্য একটি ড্রেজার কেনা হবে। শুধু একটি বন্দরের ওপর দেশ নির্ভরশীল থাকবে না।" সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজে মংলা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। সভায় মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল পাশা, সাংসদ হাবিবুন নাহার, মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.