২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি সংলগ্ন এলাকার ছাত্রাবাসগুলোতে পুলিশের তল্লাশি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৫০টি ছাত্রবাসে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার বা কিছু উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২২ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৫০টি ছাত্রবাসে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার বা কিছু উদ্ধার করা যায়নি। নগরীর মতিহার জোন পুলিশের সহকারী কমিশনার (এসি) এম কে জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, আগামী ১ জুন বিশ্ববিদ্যালয় খোলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মহানগর পুলিশের আটটি দল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী ও কাটাখালি এলাকার ছাত্রাবাসগুলোতে তল্লাশি চালায়। তিনি বলেন, "রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত অর্ধ শতাধিক ছাত্রাবাসে তল্লাশি অভিযানে দুই শতাধিক পুলিশ অংশ নেয়। তবে কাউকে গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।" এসি জাহাঙ্গীর জানান, ছাত্রবাসগুলোতে বহিরাগত কিংবা সন্দেহভাজন কেউ অবস্থান করছে কিনা এবং কোন অস্ত্র রয়েছে কিনা এটা দেখার জন্যই তল্লাশি চালানো হয়। পর্যায়ক্রমে অন্য ছাত্রবাসগুলোতেও তল্লাশি চালানো হবে। ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), রাজশাহী কলেজ, নিউ গভ. কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ইতোমধ্যে রুয়েট, রামেক, রাজশাহী কলেজ, সিটি কলেজ, নিউ গভ. কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট খুলে দেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.