বাগেরহাট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বাইন কাঠ দিয়ে আসবাব (খাট) তৈরি করে বাড়ি পাঠানোর চেষ্টার অভিযোগে বাগেরহাটের মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাচারকারীদের সহায়তায় ওই পুলিশ কর্মকর্তা সুন্দরবনের কর্তন নিষিদ্ধ মূল্যবান বাইন কাঠ এনে আসবাবপত্র তৈরি করিয়েছিলেন। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা মেলায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগের বিভাগীয় তদন্ত চলছে বলেও তিনি জানান।
মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের সদস্যরা ১৯ মে মংলা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ বাইন কাঠ দিয়ে তৈরি একটি খাট আটক করে। কোস্টগার্ড খাটটি পূর্ব সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করে। খাটটি এসআই আবু বক্কর বাড়ি পাঠাচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24