ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেছেন,
বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি ও সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের মধ্যে 'খুব বেশি ফারাক থাকার কথা নয়'।
শুক্রবার বিকেলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এ 'সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দিকনির্দেশনা' শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওই বিদ্রোহের ঘটনায় সেনা তদন্ত প্রতিবেদন ও সরকার গঠিত তদন্ত প্রতিবেদন নিয়ে পত্রিকায় প্রকাশিত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "এগুলো তো এখনও প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার সরকার গঠিত কমিটির প্রধান আনিস-উজ-জামান খানও প্রতিবেদনের ভেতরের বিষয় নিয়ে কিছু বলেননি। এগুলো কীভাবে পত্রিকায় এলো আমি জানি না।"
তবে তিনি বলেন, "এই দুই প্রতিবেদনের বক্তব্যে খুব বেশি ফারাক থাকার কথা নয়।"
তদন্ত প্রতিবেদন প্রকাশের সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অতি শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।"
গত ১২ দিনে ঢাকার বাইরে দেড় সহস্রাধিক বিডিআর সদস্য গ্রেপ্তার প্রসঙ্গে সাহারা খাতুন জানান, শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও যেসব বিডিআর সদস্য উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিডিআর সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা পড়লেই বিচার কাজ শুরু হবে। তখন আরও অনেক কিছু জানা যাবে।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকার, সেনাবাহিনী ও সিআইডি (পুলিশ)'র তিনটি দল কাজ করে। এর মধ্যে সেনাবাহিনী ও সরকার গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে।
২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই সরকারি কমিটি গঠন করা হয়। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করে সরকার। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয় এ কমিটি।
সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আরেকটি তদন্ত দল কাজ করে। এ দলটি ১০ মে তাদের প্রতিবেদন সেনাপ্রধানের কাছে জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৪০ ঘ.
bdnews24