২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিকভাবে ব্যবহার করলে দেশ উপকৃত হবে'

চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিকভাবে ব্যবহার করা গেলে দেশ উপকৃত হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, "চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মাণে সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অচিরেই বন্দরের নির্মাণ কাজ শুরু হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিকভাবে ব্যবহার করা গেলে দেশ উপকৃত হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, "চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মাণে সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অচিরেই বন্দরের নির্মাণ কাজ শুরু হবে।" শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। মিডিয়াকে জাতির দর্পণ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, "রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।" সাংবাদিকদের কাছ থেকে আরও জবাবদিহিতামূলক সংবাদ প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম শহরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এর অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মোহসিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। এনসিসি ব্যাংক-প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০০২ ঘ.