সিলেট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব অর্থনৈতিক মন্দা দেশের আর্থিক খাত ও রেমিটেন্সের ওপর প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বেশি রেমিটেন্স পাওয়া গেছে।" শুক্রবার সকালে সিলেটে বাংলাদেশ রেমিটেন্স মেলা উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, "প্রবাসীরা এ দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে বড় ভূমিকা পালন করছেন। অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে হুন্ডি পুরোপুরি পরিত্যাগ করতে হবে।"
রেমিটেন্স বাড়াতে সিলেটের প্রাবাসীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "প্রবাসীরা দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করছেন। আর রেমিটেন্সের সিংহভাগই আসছে সিলেট অঞ্চলের প্রবাসীদের কাছ থেকে।"
প্রবাসীরা যাতে সহজে দেশে তাদের স্বজনদের কাছে টাকা পাঠাতে পারেন সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, "প্রবাসীদের কল্যাণে উদ্যোগী হতে হবে। ব্যাংকিং নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে। যাতে গ্রামের লোকজনও এ থেকে সুফল ভোগ করতে পারে।"
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার হাফিজ কমপ্লেক্সে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ রেমিটেন্স মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার। শনিবার মেলা শেষ হবে।
হুন্ডি বন্ধ করে ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণে উদ্বুদ্ধকরণ এবং প্রবাসী আয় বৃদ্ধি করে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবেলার লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
মেলায় সরকারি, বেসরকারি ও বিদেশি মোট ২৭টি ব্যাংক তাদের রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং সেবা কার্যক্রম প্রদর্শন করছে।
আয়োজক সংগঠন ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানির প্রধান নির্বাহী ও গ্লোবাল ইকনোমিস্ট ফোরামের সভাপতি এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নসর বখতিয়ার আহমদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24