২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১০ ট্রাক অস্ত্র চোরাচালানে জোট সরকারের নীতি নির্ধারকরা জড়িত'

চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের চোরাচালানের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন বিগত জোট সরকারের নীতি নির্ধারকরা জড়িত ছিলেন বলে দাবি করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের চোরাচালানের সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন বিগত জোট সরকারের নীতি নির্ধারকরা জড়িত ছিলেন বলে দাবি করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, "তাদের সায় না থাকলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই'র প্রধানরা এ অপকর্ম করতে সাহস পেতেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর টাউন হলে রংপুর জেলা উন্নয়ন সমন্বয় পরিষদের কনভেশনে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "জোট সরকার ক্ষমতায় থাকাকালে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাট করেছে। তাদের দুর্নীতিবাজ না বলে ডাকাত বললে অন্যায় হবে না।" খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও মন্ত্রী অভিযোগ করেন। খাদ্যমন্ত্রী বলেন, "রংপুর অঞ্চলে প্রচুর পরিমাণে ভূট্টা চাষ হয়, আলু হয়। এখানে দরকার কৃষিভিত্তিক কারখানা স্থাপন করা। এ জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।" তিনি কৃষকদের ধান চালের পাশাপাশি আরও বেশি শাক সবজি আর ভূট্টা চাষ করার আহবান জানান। রংপুরকে বিভাগ ঘোষণার দাবি সমর্থন করে মন্ত্রী বলেন, "আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে এ দাবি বাস্তবায়নের অঙ্গীকার করেছে। আশা করি অচিরেই এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পুরণ হবে।" কনভেনশনে রংপুরকে আগামী বছরের মধ্যে বিভাগ ঘোষণা, শিক্ষা বোর্ড স্থাপন, প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহসহ ১৮ দফা দাবি উত্থাপন করা হয়। রংপুর জেলা উন্নয়ন সমন্বয় পরিষদের আহবায়ক চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে আরও বক্তব্য রাখেন- সাংসদ এইচ এন আশিকুর রহমান ও আনিসুল ইসলাম মণ্ডল, জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহামেদসহ স্থানীয় নেতারা। এদিকে অনুষ্ঠান মঞ্চে আহবান না জানানোয় রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, পীরগাছা উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমানসহ বেশ কয়েকজন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুষ্ঠান বয়কট করে চলে যান। দিনাজপুর প্রতিনিধি জানান, দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে জেলার চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, "গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই সরকার চলতি বোরো মৌসুমের ধান চালের ক্রয়মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের খাদ্য শস্য সংগ্রহ অভিযানের মূল লক্ষ্য হচ্ছে আপদকালীন মজুদ গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।" জেলা প্রশাসক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, মহিলা সাংসদ সুলতানা বুলবুল, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, জেলা চালকল মালিক গ্র"পের সভাপতি মোছাদ্দেক হুসেন প্রমুখ। এরপর মন্ত্রী শহরের পুলহাটে খাদ্য গুদাম পরিদর্শন করেন। সেখানে তিনি সংগ্রহ অভিযান পর্যবেক্ষণ করেন। এর আগে সকালে খাদ্যমন্ত্রী দিনাজপুর গম গবেষণা কেন্দ্রে জেলার কৃষিবিদদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের কার্যক্রমের প্রশংসা করেন। পর্যায়ক্রমে কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করা হবে বলেও মন্ত্রী আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.