২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য রহিমকে ঢাকায় আনা হয়েছে

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আনা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার হওয়া এনএসআই-এর আরেক সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকেও খুব শিগগিরই ঢাকায় আনা হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আনা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার হওয়া এনএসআই-এর আরেক সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকেও খুব শিগগিরই ঢাকায় আনা হবে। (আরও তথ্যসহ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, এনএসআই'র সাবেক দুই প্রধানকে ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টোরেগেশন (টিএফআই) সেলে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি'র কর্মকর্তারা। গত শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে আবদুর রহিম এবং ওল্ড ডিওএইচএস এর বাসা থেকে রেজ্জাকুলকে গ্রেপ্তার করা হয়। ওইদিন গ্রেপ্তারকৃত এএএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্র খালাস ও চোরাচালানের ঘটনায় রহিম ও রেজ্জাকুলের সংশ্লিষ্টতার কথা জানান। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্য রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি পুলিশ আটক করে। এ মামলায় এ পর্যন্ত এনএসআই'র সাবেক তিন কর্মকর্তা এবং একজন মাঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রহিমকে নিয়ে তারা বিকেলে ঢাকা পৌঁছেছেন। তিনি জানান, এ দুই সাবেক কর্মকর্তা আগের জিজ্ঞাসাবাদে অস্ত্র খালাস ও চোরাচালানের সঙ্গে কয়েকটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য সুর্নিদিষ্ট করতে তাদের ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সড়ক পথে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মামলার তদন্ত কর্মকর্তা। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত রেজ্জাকুল ও রহিমকে টিএফআই সেলে ছয়দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এর আগে দুজনকে তিনদিন জিজ্ঞাসাবাদ করলেও মামলার প্রয়োজনে তাদের আলাদাভাবে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি জানান, রহিমকে জিজ্ঞাসবাদ শেষে রেজ্জাকুলকে ঢাকা নিয়ে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জিএমএ/এমএসবি/১৯২২ ঘ.