ফরিদপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার ফরিদপুর রিজিওনাল সেন্টার ও সার্ভার স্টেশন নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেন।
এর আগে সকাল ১০টায় তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
সাংবাদিকদের তিনি বলেন, "শুধু তত্ত্বাবধায়ক সরকারের সময়ই নয়, রাজনৈতিক সরকারের সময়ও সরকারি হস্তক্ষেপ বা খবরদারি না থাকলে নির্বাচন কমিশন তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারে।"
এ ক্ষেত্রে শুধু সরকারের সদিচ্ছার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
মেয়াদোত্তীর্ণ সিটি ও পৌর নির্বাচন নিয়ে তিনি বলেন, "যে আইনের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ সিটি ও পৌর নির্বাচন হওয়ার কথা, সেই আইন এখনও সংসদে পাস হয়নি। তাই নির্বাচন করা সম্ভব হচ্ছে না।"
উপজেলা পর্যায়ে সংসদীয় আসন কমে যাওয়া প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "১৯৮৬ সালের ডিলিমিটেশন অ্যাক্ট অনুযায়ী সংসদীয় আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে আসন কমেছে। কিন্তু বড় শহর বা নগরগুলোতে আসন বেড়েছে।"
পরিদর্শনকালে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বারীসহ উধ্বর্তন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
এর আগে মঙ্গলবার সিইসি ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী, সালথা ও নগরকান্দা উপজেলার জন্য সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২২৪১ ঘ.
bdnews24