চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মজুরি বাড়ানোর দাবি নিয়ে ঠিকাদারদের সঙ্গে আলোচনা না হওয়ায় চট্টগ্রামের ঘাট ও গুদাম শ্রমিকরা মঙ্গলবার কাজে যোগ দেননি।
ঠিকাদাররা আলোচনায় আগ্রহ না দেখানোয় অচলাবস্থা নিরসন হচ্ছে না বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মঙ্গলবার রাতে বৈঠক ডাকলেও সেখানে যোগ দেননি তারা।
তবে রাতে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুল হকের সঙ্গে তারা বৈঠকে বসেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের।
তিনি বলেন, "আলোচনা চলছে। শ্রমিক লীগ নেতারা দাবি পুরণের ব্যাপারে ১০ দিন সময় চেয়েছেন। এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।"
মজুরি বাড়ানোর দাবিতে সোমবার থেকে শুরু হওয়া ঘাট ও গুদাম শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের ১৬টি ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
একই কারণে কার্যত বন্ধ রয়েছে সারাদেশে পণ্য পরিবহন এবং বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাস।
শ্রমিকরা প্রতি ৯০ কেজি ওজনের বস্তা বহনে বর্তমান মজুরি ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার দাবি জানিয়েছেন।
বাংলাবাজার থেকে মাঝিরঘাট পর্যন্ত কর্ণফুলী নদী তীরের ঘাটগুলোতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টন পণ্য ওঠানামা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঠিকাদারদের পক্ষ থেকে অচলাবস্থা নিরসনে কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দেননি।
তিনি অভিযোগ করেন, ঠিকাদারদের অনেকের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করা হলেও শ্রমিকদের দাবির বিষয়ে তারা কোন আগ্রহ দেখায়নি।
দাবি পুরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন শ্রমিক নেতা কাদের জানান।
তিনি জানান, চট্টগ্রাম চেম্বার রাত ৮টায় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। শ্রমিক নেতারা বৈঠকে যোগ নাও দিতে পারেন। কারণ এর আগে চেম্বার শ্রমিকদের বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।
জহির আহমদ নামের একজন ঠিকাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দিনের বেলা আলোচনার উদ্যোগ নেওয়া না হলেও রাতে ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।"
বন্দর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘাটে পণ্য খালাস না হওয়ায় এর প্রভাব পড়েছে বহির্নোঙ্গরে অবস্থানরত বড় জাহাজেও। কারণ ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস না হওয়ায় সেগুলো বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য যেতে পারছে না।
বহির্নোঙ্গরে গম, ডাল, সার ও ক্লিংকার খালাসের অপেক্ষায় আছে ৩৬টি জাহাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24