ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেশিনে পাঠযোগ্য পাসপোর্টে জাতীয় পরিচয়পত্রের তথ্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বছরের জুলাই থেকেই মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পের কাজ শুরু হচ্ছে।
মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।
তিনি বলেন, "বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মেশিন রিডেবল পাসপোর্ট তৈরিতে জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সাহারা খাতুন জানান এ বছরের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নে ২৮৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ইতোমধ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, "এই কমিটি লাল, কালো, সাদা ও হলুদ পাসপোর্টের নমুনা দেবে। সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্যটি নেওয়া হবে।"
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ২০১০ সালের ৩০ এপ্রিলের পর ম্যানুয়াল পাসপোর্ট ইস্যু করবে না। তবে এই সময়ের মধ্যে যারা হাতে লেখা (ম্যানুয়াল) পাসপোর্ট বহন করবে এবং মেয়াদ থাকবে তাদের কোনো অসুবিধা হবে না।
আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীসহ পাসপোর্ট অধিদপ্তর, সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী মুহিত বলেন, "চুরি ও দুর্নীতি রোধে এমআরপি'র সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য একীভূত করার সুপারিশ করেছি। তা ভূমি, পুলিশ, স্থানীয় সরকার ও আদালত সেক্টরের দুর্নীতি রোধে ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারকে কাজে লাগালে তা ডিজিটাইজড হবে এবং নানামুখী কাজে ব্যবহার করা যাবে।"
তানজিম আহমেদ জানান, মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা দিতে দ্রুত প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রকল্প ব্যবস্থাপনায় একটি কারিগরি কমিটি গঠন করার কথাও জানান তিনি।
দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখ ম্যানুয়াল পাসপোর্টধারী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২০১৬ঘ.
bdnews24