২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী শ্যূটার মোক্তার নিহত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' মিরপুরের সন্ত্রাসী মোক্তার হোসেন ওরফে শ্যূটার মোক্তার নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। সোমবার রাত সোয়া দুইটার দিকে মিরপুরে শাহআলী থানাধীন বেড়িবাধের উপর এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' মিরপুরের সন্ত্রাসী মোক্তার হোসেন ওরফে শ্যূটার মোক্তার নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। সোমবার রাত সোয়া দুইটার দিকে মিরপুরে শাহআলী থানাধীন বেড়িবাধের উপর এ ঘটনা ঘটে। র‌্যাবের সহকারি পরিচালক এএসপি মোঃ মেনহাজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," সোমবার রাতে র‌্যাব-৪ এর একটি টহল দল মিরপুরের ওই বেড়িবাধে টহলের দিচ্ছিল। রাত সোয়া দুইটার দিকে বেড়িবাধের উপর কয়েকজনকে জটলা করতে দেখে গাড়ি থামালে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখানে মোক্তার হোসেন ওরফে শ্যূটার মোক্তারকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল একটি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হযেছে।" তিনি জানান, শ্যূটার মোক্তার মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী রাজা-শহর আলীর অন্যতম সহযোগী। সে ইতোপূর্বে সাত বছর কারাদণ্ডও ভোগ করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গত ১৫ মে শুক্রবার ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোহেল ও বাবু নামের দুই 'সন্ত্রাসী' নিহত হয়। তারা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য বলে জানিয়েছে র‌্যাব। এর আগে গত ৬ মে কামরাঙ্গীরচরের শহীদ নগরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয় আলমগীর হোসেন ওরফে দেলোয়ার হোসেন দিলু। গত ৫ মে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ক্রসফায়ারের নামে আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। সোমবার নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ বছরে অন্তত ১ হাজার বিচার-বহির্ভূত হত্যার সঙ্গে র‌্যাব ও পুলিশ জড়িত ছিল। ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিজিএফআই-কে প্রয়োজনে বিলুপ্ত করারও পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৮০৫ ঘ.