২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বর-ডিসেম্বর নাগাদ পৌর ও ইউপি নির্বাচন হতে পারে: সিইসি

আগামী নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

রাজবাড়ী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, "কমিশন ভেবেছিল জুন মাসে এ নির্বাচন করা যাবে। কিন্ত তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি জারি করেছিল তা গত সংসদ অধিবেশনে উত্থাপিত হলেও দুর্ভাগ্যবশত পাস হয়নি। ফলে স্বয়ংক্রিয়ভাবে তা স্থগিত হয়ে পুরনো আইনটিই বহাল রয়ে গেছে। এ অবস্থায় কেউই পুরনো আইনের অধীনে নির্বাচন করতে চায় না।" মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে কম্পিউটার সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় সিইসি এ কথা জানান। শামসুল হুদা বলেন, "নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের যোগ্যতা, একই ব্যক্তির একাধিক পদে নির্বাচন না করার বিধানসহ বেশ কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে।" সারাদেশকে ১০টি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি উপজেলায় একটি করে কম্পিউটার সার্ভার স্টেশন স্থাপন করে নির্বাচন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ সম্পাদন করা সম্ভব হবে বলে জানান সিইসি। এ সময় তার সঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, ঢাকা বিভাগের ডেপুটি নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সিইসি গোয়ালন্দ ছাড়াও রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় প্রস্তাবিত কম্পিউটার সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন। জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার জেলা উপজেলা পর্যায়ের সার্ভার স্টেশন প্রস্তাবিত স্থান পরিদর্শনের জন্য বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা সফর করছেন। তারা জানান, রাজবাড়ী থেকে মঙ্গলবার বিকেলে সিইসি ফরিদপুর যাবেন। পরে মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুর সফর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/এসকে/এমএসবি/১৬১৭ ঘ.