ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলেজগেট এলাকায় মঙ্গলবার সকালে বাসের নিচে চাপা পড়ে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের সয়দাননড়া এলাকার মো. গোলাম রব্বানী তালুকদারের ছেলে মো. আব্দুল বাসেত তালুকদার।
ট্রাফিক কনস্টেবল আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজগেট এলাকায় দায়িত্বরত বাসেত সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরগামী একটি মিনিবাস থামিয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখছিলেন। তিনি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় মিরপুরগামী অপর একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসেত বাসের নিচে চাপা পড়েন।"
গুরুতর আহত অবস্থায় ট্রাফিক পুলিশরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। পরে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24