২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১২ 'রাজাকারের' বিরুদ্ধে দু'টি মামলা থানায় নথিভুক্ত

১৯৭১ সালে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১২ 'রাজাকারের' বিরুদ্ধে দু'টি মামলা রোববার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 06:35 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

বাগেরহাট, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -১৯৭১ সালে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১২ 'রাজাকারের' বিরুদ্ধে দু'টি মামলা রোববার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খানের আদালতে গত ১১ মে একটি মামলা দায়ের করেন মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলম মৃধা এবং ১০ মে অপর মামলাটি করেন উপজেলার জিউধরা গ্রামের আব্দুস সালাম মৃধা। জাহাঙ্গীর আলম মৃধার করা মামলার ৮ আসামি হল- মোরেলগঞ্জের জিউধরা গ্রামের বাহার আলী হাওলাদার (৬০), তার ভাই সোবাহান হাওলাদার (৫৮), একই গ্রামের এজেম্বর হাওলাদার (৭৫), তার ছেলে সেকেন্দার আলী হাওলাদার (৫৮), মোজাম শিকদার (৫৮), মোকছেদ শিকদার (৬৫), ভাষাণ্ডা গ্রামের মজিবর মৃধা (৬৪) এবং চন্দনতলা গ্রামের রুস্তম শিকদার (৬০)। এজাহারে তাদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। এ মামলার এজাহারে বলা হয়, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার দায়ে আসামিরা বাদীর বাবা আব্দুল আলি মৃধাকে ১৯৭১ সালের ১২ জুলাই মোরেলগঞ্জের মঠবাড়ি গ্রাম থেকে আটক করে। রাজাকাররা মঠবাড়ি খালপাড়ে আব্দুল আলি মৃধাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এরপর আসামিরা বাদীর বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে নগদ টাকা, ধান ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আব্দুস সালাম মৃধার করা মামলার আসামিরা হল- জিউধরা গ্রামের এজেম্বর হাওলাদার (৭৫), বাহার আলী হাওলাদার (৬০), সোবাহান হাওলাদার (৫৮), মোকছেদ শিকদার (৬৫), আব্দুল হামেদ শিকদার (৬০), আহম্মদ শিকদার (৬০), আব্দুল আজিজ খাঁ (৫৮), আব্দুল মজিদ হাওলাদার (৬৭) ও মো. সেকেন্দার আলী হাওলাদার (৫৮)। এই মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১৯ আগস্ট সকালে একদল সশস্ত্র রাজাকার তাদের বাড়িতে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে। মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অপরাধে তারা বাদীর বাবা মেছের আলী মৃধাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে রাজাকাররা বাদীর চাচা আসমত আলী মৃধার ঘর লুট করে এবং তাকে গুলি করে হত্যা করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে মামলা দু'টি আদালতের নির্দেশনা অনুযায়ী নথিভুক্ত করা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.