সাভার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুর থেকে অপহৃত প্রতিবন্ধী স্কুলছাত্র মোসাদ্দেক হোসেন পিয়াসকে (১৮) সোমবার সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নূর আলম (২৩), মাহমুদুল হাসান মিন্টু (২৩) ও মোস্তাফিজুর রহমান ফিজু (২৮)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- রাজধানীর পাইকপাড়ার বাসিন্দা আসবাব ব্যবসায়ী আব্দুল আজিজের প্রতিবন্ধী ছেলে উন্মুক্ত স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোসাদ্দেক হোসেন পিয়াসকে তার দূর সম্পর্কের মামা নূর আলম স্মৃতিসৌধে বেড়াতে নেওয়ার কথা বলে রোববার বিকেলে সাভারে নিয়ে আসে।
সাভারের বিভিন্ন এলাকায় তাকে সারারাত ঘোরায় নূর আলম। এরপর নূর আলমের দুই বন্ধু মাহমুদুল হাসান মিন্টু ও মোস্তাফিজুর রহমান ফিজু আসে। তারা তিনজন মিলে সোমবার ভোরে পিয়াসকে দক্ষিণ গাজিরচটের হক মার্কেটের পেছনে ৪০ ফুট গভীর একটি সেফটিক ট্যাংকির কাছে নিয়ে যায়।
ওসি জানান, পিয়াসকে ট্যাংকে ফেলে দেওয়ার আগে পাশের গ্রিল ওয়ার্কসপের কর্মচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়।
গ্রেপ্তারকৃতরা পিয়াসকে অপহরণ ও হত্যার পর তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল বলে পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় মোসাদ্দেক হোসেন আশুলিয়া থানায় একটি অপহরণের মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24