২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা থেকে তিন ট্রলারযাত্রীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ একই পরিবারের তিনজনের লাশ নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নারায়ণগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ একই পরিবারের তিনজনের লাশ নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন- হোসেন হাওলাদার (৩৫), তার স্ত্রী কাজল রেখা (২৫) ও তার ছেলে সাব্বির (৫)। শুক্রবার সন্ধ্যায় ট্রলারযোগে তারা কেরানীগঞ্জ থেকে সিরাজদিখান যাওয়ার পথে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। নিহতদের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় হোসেন হাওলাদার ও তার পরিবারের লোকজনসহ সাতজন যাত্রী ট্রলারযোগে কেরানীগঞ্জ থেকে সিরাজদিখান যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর একটি বাল্কহেড পেছন থেকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। সাত যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ ছিলেন। রোববার সকালে নদীতে লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৮ ঘ.