২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই'র সাবেক দুই প্রধান তিনদিনের রিমান্ডে

বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 06:29 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রোববার দুপুর এনএসআই'র সাবেক দুই প্রধানকে চট্টগ্রাম মহানগর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। আবেদনের শুনানি শেষে হাকিম মাহবুবুর রহমান তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুক্রবার রাতে রাজধানীর ওল্ড ডিওএইচএস এর বাসা থেকে রেজ্জাকুল এবং ধানমণ্ডির বাসা থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার রাতে তাদের চট্টগ্রামের দামপাড়া সিআইডি কার্যালয়ে আনা হয়। গ্রেপ্তারকৃত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন আহমদ শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি অস্ত্র খালাসের ঘঁনার সঙ্গে রহিম ও রেজ্জাকুল হায়দারের সংশ্লিষ্টতার কথা জানান। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্য রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি আটক করে পুলিশ। এ মামলায় এ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই'র) সাবেক চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হল। এর আগে চট্টগ্রাম ট্রাক পরিবহন প্রতিষ্ঠান গ্রিন ওয়েজের মালিক হাবিবুর রহমান ও ব্যবস্থাপক তসলিম মল্লিকের দেওয়া তথ্য অনুযায়ী এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান গ্রেপ্তার করা হয়। এ প্রতিষ্ঠান থেকে সাতটি ট্রাক ভাড়া করা হয়েছিল। পরে আকবর হোসেনের জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সাহাবউদ্দিনকে। রোববার দুপুরে ১২টা ১০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে এনএসআই'র সাবেক মহাপরিচালক আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দারকে আদালতে আনা হয়। এ সময় তাদের বিমর্ষ দেখাচ্ছিল। রহিমের হাতে একটি কোরআন শরীফও দেখা গেছে। রহিম কয়েকজন সাংবাদিককে বলেন, অস্ত্র খালাসের সঙ্গে তার জড়িত থাকার কোন প্রশ্নই উঠে না। সাবেক উইং কমান্ডার শাহাবুদ্দিন নিজের কৃতকর্ম ঢাকার জন্য তাকে ফাঁসিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতকে বলেন, গ্রেপ্তারকৃত দুজন দশ ট্রাক অস্ত্র খালাসের সঙ্গে সম্পৃক্ত বলে অন্য আসামিদের জবানবন্দি থেকে প্রমাণিত হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন সেটা জানার জন্য এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আদালতের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) কামাল উদ্দীন সাংবাদিকদের বলেন, এনএসআই'র সাবেক দুই মহাপরিচালকের কাছ থেকে অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। প্রয়োজন হলে তাদের আবার জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে বলেও তিনি জানান। আইনজীবী কামাল বলেন, সাবেক উইং কমান্ডার সাহাবুদ্দিন তার জবানবন্দিতে অস্ত্র খালাস ছাড়াও গ্রেপ্তারকৃত দুইজনের সঙ্গে বিদেশি চক্রের যোগসাজশের বিষয়ও জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ থাকার বিষয়টি বেরিয়ে এসেছে। সাবেক এ দুই গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদে অনেক রাঘব বোয়ালের নাম উঠে আসবে, যা মামলার তদন্তে সহায়ক হবে বলে তিনি মনে করেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিমকে বিএনপি জোট সরকার ২০০২ সালে এনএসআই'র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়। ২০০৫ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। ওই বছর ফেব্র"য়ারিতে এনএসআই'র মহাপরিচালক করা হয় মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুুরীকে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমএসবি/১৫৫৮ ঘ.