রংপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সজীব ওয়াজেদ জয় শনিবার তার বাবা ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন।
পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া গত শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন তাকে তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে বাবা-মার কবরের পাশে সমাহিত করা হয়।
বাবার কবর জিয়ারত করতে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকা থেকে সড়কপথে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে এসে পৌঁছান জয়। ফতেপুর নেমে সরাসরি বাবার কবর জিয়ারত করতে যান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম ও সংসদ সদস্য শেখ হেলাল তার সঙ্গে ছিলেন।
কবর জিয়ারতের পর জয় তার পৈত্রিক বাড়িতে যান। এরপর দুপুর আড়াইটায় সড়ক পথে ঢাকায় রওয়ানা হন তিনি।
ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর গত সোমবার দেশে এসেছেন তার একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী জয়। কানাডা প্রবাসী মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাবার মৃত্যুর পর এখনো দেশে আসেন নি। কিছু দিন আগে তিনি মা হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসি/১২১২ ঘ.
bdnews24