গোলাম মর্তুজা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়াপাড়ার উত্তর পীরেরবাগে জেএমবির আস্তানায় পৌনে চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে সন্দেহভাজন জঙ্গি জাহেদুর রহমান ওরফে বোমা মিজানের স্ত্রী শারমীন হক লতাকে আটক করেছে র্যাব। (আরো তথ্যসহ-৫)
বোমার বিস্ফোরনে লতার ডান হাতের কব্জি পুরোপুরি উড়ে গেছে। আহত হয়েছে তার দুই শিশুপুত্রও। রক্তাক্ত অবস্থায় ২ শিশু সন্তানকেও উদ্ধার করা হয়। এদের একজনের বয়স ২ মাস, অন্যটি ২ বছরের।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেএমবির বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিজানকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১০ টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র্যাব। এসময় বাসার ভেতর থেকে মিজানের স্ত্রী একটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রায় পৌনে ৪ ঘণ্টা দরজা আটকে রাখে। পরে র্যাব সদস্যরা তাকে বুঝিয়ে বাসার বাইরে বের করে আনতে সক্ষম হন।
এ সময় মিজানের বাসা থেকে দু'টি গ্রেনেড, একটি অবিস্ফোরিত বোমা ও ২টি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে।
র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় মিজান নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে আটকের পর তাকে নিয়ে রাতে তার পীরেরবাগের বাড়িতে যায়।
র্যাবের দলটি তাকে নিয়ে ৬১/৩ উত্তর পীরেরবাগের বাড়িতে অভিযান শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা তিন তলায় মিজানের ফ্ল্যাটের দরজায় পৌঁছে দরজায় টোকা দিয়ে মিজান বলে, "তুমি কেমন আছো, আমি অসুস্থ।" পরক্ষণেই ফ্ল্যাটের ভেতরের দিকে দরজার সামনে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
বিস্ফোরণের পরপর র্যাব সদস্যরা মিজানকে নিয়ে নীচতলায় নেমে আসে। তারা মিজানকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মিজান র্যাবকে জানান, বাসায় তার স্ত্রী শারমিন হক লতা ও দুই শিশুসন্তান রয়েছে। তার স্ত্রীরও বোমা বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ রয়েছে। সে জানায় তার বাসায় একাধিক বোমা ও আগ্নেয়াস্ত্র রয়েছে।
র্যাব কর্মকর্তারা ধারণা করছেন, মিজান যখন দরজায় টোকা দিয়ে কথা বলছিল তখন তার মধ্যে কোনও সংকেত ছিল, যা পূর্ব পরিকল্পিত। সেই সংকেত পেয়েই তার স্ত্রী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর তারা আরও বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতার সঙ্গে কাজ করতে থাকেন।
র্যাব সদস্যরা ওই ফ্ল্যাটের দরজার সামনে বালু ও খোয়ার বস্তা দিয়ে প্রতিরক্ষা বুহ্য গড়ে তোলে। র্যাব ও পুলিশ পুরো বাসাটি ঘিরে রাখে।
পাশের একটি ভবনের তিনতলা থেকে র্যাব সদস্যরা হ্যান্ডমাইকে মিজানের স্ত্রীর সঙ্গে কথোপকথোন শুরু করেন। তারা মিজানের স্ত্রীকে দরজা খুলে বেরিয়ে আসার অনুরোধ জানান। কিন্তু ভেতর থেকে মিজানের স্ত্রী চিৎকার ও কান্নাকাটি করে বলে যে, বোমা তার হাতেই বিস্ফোরিত হয়েছে। এতে হাত ও পাসহ তার দেহের বিভিন্নস্থানে জখম হয়েছে। তাই সে দরজা খুলে বেরিয়ে আসতে পারছে না। তার ছোট দুই শিশুপুত্রও আহত হয়েছে বলে মিজানের স্ত্রী জানায়।
র্যাব তাকে বলে "আপনি বেরিয়ে আসুন বাইরে এ্যাম্বুলেন্স ও চিকিৎসকরা অপেক্ষা করছেন।"
বোরখা পরিহিতা মহিলার পোশাকে আরও বিস্ফোরক থাকতে পারে সন্দেহে র্যাব সদস্যরা তাকে বোরখা খুলে আসতে বলে। সে রাজি হয় না। প্রায় এক ঘণ্টারও বেশি সময় বোঝানোর পর মহিলা দরজা খুলে বেরিয়ে আসতে সম্মত হন।
এর মধ্যে জানালা দিয়ে দেখা যায় মহিলার রক্তাক্ত হাত ও শরীর। র্যাব সদস্যরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন।
এরই মধ্যে কেটে যায় শ্বাসরুদ্ধকর পৌনে চার ঘণ্টা। রাত সোয়া ২টার দিকে দরজা খুলে বেরিয়ে আসেন ওই মহিলা।
তার পুরো ডান হাতের কব্জি ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ছিল। পুরো শরীর রক্তাক্ত ছিল। তার দুই শিশুপুত্রও রক্তাক্ত ছিল।
ঘটনার পর বিস্ফোরনের ঘরে গিয়ে দেখা যায় পুরো ঘরময় ছোপ ছোপ রক্ত। রক্তের দাগ লেগে রয়েছে দেয়ালেও।
ঘটনার পর র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজানুর রহমান খান রাত পৌনে ৩টার দিকে সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম জাহিদুর রহমান ওরফে বোমা মিজান। তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁও তালতলা থেকে গ্রেপ্তার করে র্যাবের গোয়েন্দারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান র্যাবকে জানায় যে তার বাড়িতে বোমা রয়েছে। এরপর বোমা উদ্ধারের জন্য তার বাড়িতে এলে এ ঘটনা ঘটে।
মিজানের স্ত্রী বেরিয়ে আসার পর তার বাসা থেকে র্যাব দু'টি গ্রেনেড, একটি অবিস্ফোরিত বোমা ও ২টি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে। বাসায় আরও তল্লাশী চালানো হচ্ছে।
তিনি জানান, তার পুত্ররা ভাল আছে।
মিজান শায়খ আব্দুর রহমানের খুব ঘনিষ্ঠ লোক। ২০০৩ সালে যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলে করে বিস্ফোরক বহনের সময় সে একবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/জিএমএ/এএনএস/এইচএ/০৩৫৮ঘ.
bdnews24