২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

বুধবার রাতে পল্লবীতে ডাকাতির সময় গণপিটুনিতে আহত সন্দেহভাজন দুই ডাকাত মারা গেছে। আরো দু'জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডাক বিভাগের কর্মকর্তা জহিরুল ইসলামের পল্লবীর বাসায় ৫/৬ জন দুর্বৃত্ত ডাকাতি শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতা প্রতিরোধ গড়ে তোলে। এদের মধ্যেই জনতার গণপিটুনিতে দু'জন মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বুধবার রাতে পল্লবীতে ডাকাতির সময় গণপিটুনিতে আহত সন্দেহভাজন দুই ডাকাত মারা গেছে। আরো দু'জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডাক বিভাগের কর্মকর্তা জহিরুল ইসলামের পল্লবীর বাসায় ৫/৬ জন দুর্বৃত্ত ডাকাতি শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতা প্রতিরোধ গড়ে তোলে। এদের মধ্যেই জনতার গণপিটুনিতে দু'জন মারা যায়। নিহতরা হলেন- মোবারক হোসেন (২০) ও মোস্তফা (২৫)। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাত সোয়া ১টার দিকে পল্লবী থানার সহকারী উপ পরিদর্শক জাকির মোস্তফার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে দিয়ে যান। আর রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোবারক। আহত ডাকাত শাহজাহান (৬০) ও তুষার আহমেদ (৩৫) পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে। এদিকে ঢাকা মেডিক্যালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন সন্দেহভাজন ডাকাত শাহজাহান নিজেকে একটি স্কুলের নিরাপত্তারক্ষী ও তুষার নিজেকে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে দাবি করেছেন। ডাকাতের বোমায় আহত গৃহকর্তা জহিরুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়ার আগে মোবারক সাংবাদিকদের বলেছিলেন তিনি ডাকাত না। ক্যারাম খেলার সময় বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে দৌড়ে যাওয়ার সময় পুলিশ তাকে ডাকাত মনে করে গাড়িতে তুলে নেয়। পরে জনতা তাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩১৬ঘ.