ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কুলখানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। (আরো তথ্যসহ)
হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণে এই কুলখানি অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিক, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ, কূটনীতিকদের মধ্যে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাশার খান বাবর, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিএনপি'র মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিকল্প ধারার অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল মান্নান, এল ডি পি'র অলি আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিলেটের মেয়র বদরউদ্দিন কামরান, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক খাদ্য মন্ত্রী মীর শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কুলখানিতে মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরের প্রাঙ্গণে এবং পুরুষদের জন্য বাসভবন প্রাঙ্গণের বাইরে বসার ব্যবস্থা করা হয়। দু'জায়গাতেই শামিয়ানা টাঙানো হয়।
কুলখানিতে উপস্থিত সবার কাছে পরিবার ও পিতার জন্য দোয়া চান সজীব ওয়াজেদ জয়।
দোয়া মাহফিলে রাষ্ট্রপতি
প্রয়াত ওয়াজেদ মিয়ার আত্মার মুক্তি কামনা করে বৃহস্পতিবার বঙ্গভবন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং বঙ্গভবনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
রংপুরে ফতেপুরের বাড়িতে কুলখানি ও মিলাদ
বৃহস্পতিবার দুপুরে ড. ওয়াজেদের জন্মস্থান পীরগঞ্জের ফতেপুরের বাড়িতে কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোর থেকে ফতেপুরের বাড়িতে স্বজনসহ এলাকার শত শত নারী পুরুষ ও শিশুরা কুরআন খতম ও কালেমাপাঠ করেন। দুপুরে জোহরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল হয়।
এতে ড. ওয়াজেদের একমাত্র জীবিত বড় ভাই মৌলানা আব্দুল খালেক, ভাগ্নী গাইবান্ধা সদর আসনের সাংসদ মাহবুব আরা গিনী, বড় ভাবী ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি রওশন আরা ওয়াহেদ এবং ভাইপো শাহাদত হোসেন বকুল ও তাজিমুল ইসলাম শামীমসহ পরিবারের অন্যান্য সদস্যরা, উপজেলার সব স্তরের নারী-পুরুষসহ রংপুর-দিনাজপুর অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এছাড়া সকাল থেকে হাজার হাজার মানুষ মরহুম ড. ওয়াজেদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/এএনএস/এইচএ/২০০৪ ঘ.
bdnews24