ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন গঠন করবে সরকার।
বৃহস্পতিবার হোটেল শেরাটনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উচ্চ শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
তিনি বলেন, "প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সব শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন গঠন করা হবে। এ জন্য কাজও শুরু করেছি।"
শিক্ষামন্ত্রী আরও বলেন, "আমরা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে চাই। এজন্যই তাদের জন্য আলাদা বেতন কমিশন ও নিয়োগ বোর্ড গঠন করতে চাই।"
এক্ষেত্রে শিক্ষকদেরও নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্থরে শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধ করতে সুবিধা বঞ্চিত এলাকা চা বাগান, পার্বত্য এলাকার সব শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে।
বর্তমানে সারাদেশে ৪০ ভাগ শিক্ষার্থীদের এই উপবৃত্তি দেওয়া হয়।
শিক্ষাঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান নূরুল ইসলাম নাহিদ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকল্প সম্পর্কে বলেন, "এই প্রকল্পের উদ্দ্যেশ্য হবে উচ্চ শিক্ষায় একাডেমিক ও গবেষণা বিষয়ক কার্যক্রমকে আরও উন্নত করা।"
এ প্রকল্পের গবেষণা তহবিল ও অন্যান্য সুবিধা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হবে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। এটা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও উপযুক্ত মানব সম্পদ সৃষ্টিতে অবদান রাখবে বলে মনে করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক এ এম হারুন অর রশীদ, ইউজিসির সদস্য অধ্যাপক তাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক ড. রুকনুদ্দীন ও বিশ্বব্যাংকের প্রতিনিধি আল হোসাইন এ তৌরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/জিএনএ/১৩৩১ ঘ.
bdnews24