সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিক অসন্তোষের কারেণ বুধবার ঢাকা রপ্তানি প্রকিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বিদেশি মালিকানার একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার 'হোপলোন বিডি লি.' নামের সুইডিশ মালিকানার এ কারখানা বন্ধ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছিুক কারখানার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজের গতি বাড়ানোর জন্য উৎপাদন বোনাস দেওয়ার ঘোষণা দেয়। তারা সবাই কাজের গতি বাড়াতে না পারায় গত রোববার কর্তৃপক্ষ শ্রমিকদের উৎপাদন বোনাস দেবে না বলে জানায়।
এ খবর শোনার পর ওইদিনই দুপুরে শ্রমিকরা কারখানার সহকারী কর্মকর্তা সাইফুল রহমানকে লাঞ্চিত করে।
এ ঘটনায় সাইফুল রহমান বাদী হয়ে রোববার রাতে আশুলিয়া থানায় ৯ শ্রমিককে আসামি করে একটি মামলা করেন।
মামলার কথা শুনে শ্রমিকরা কারখানায় এসে কর্মবিরতি শুরু করে। এছাড়া মামলা প্রত্যাহারসহ উৎপাদন বোনাসের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্তৃপক্ষ বুধবার প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।
কারখানা কর্মকর্তা সাইফুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা তাকে আটক করে লাঞ্ছিত করেছে। তার পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন সেটও নিয়ে গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির তদন্ত চলছে। তদন্তের পরই এর ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক এজেডএম আজিজুর রহমান জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসু হলে দু'এক দিনের মধ্যেই কারখানাটি খুলে দেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলার জন্য কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24