ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুনে ঢাকায় তিন দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ফেয়ার- ২০০৯ অনুষ্ঠিত হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাসিম উল্লাহ হেমায়েত জানান, বাংলাদেশ - চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ থেকে ২০ জুন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে।
বাংলাদেশে দ্রুত বিকাশমান বৈদ্যুতিক শিল্পের উৎপাদিত পণ্যের সঙ্গে ব্যবসায়ী ও ভোক্তাদের সরাসরি যোগাযোগের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. নাসিম উল্লাহ জানান, মেলায় বৈদ্যুতিক শিল্পের কাঁচামাল উৎপাদনকারী, যন্ত্রপাতি প্রস্তুতকারক এবং টেস্টিং ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত বৈদ্যুতিক পাখা, ক্যাবল, সুইচ, সকেট, এনার্জি সেভিং বাল্ব, এনার্জি মিটার, মেইন সুইচ, প্লাগ হোল্ডার, মালটি কর্ড, লাইট ফিটিংস, বৈদ্যুতিক ট্রান্সফর্মার প্রভৃতি জিনিস প্রদর্শন করবে।
এ বছর এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের সঙ্গে মেলায় অংশগ্রহণের জন্য যোগাযোগ করা হয়েছে। এয়াড়া কোরিয়া, চীন এবং তাইওয়ানের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়।
আয়োজকরা জানান, ২০ বছর আগেও বাংলাদেশ ৮০ ভাগ বৈদ্যুতিক পণ্য আমদানি করতো। এখন এ নির্ভরতা কমিয়ে বৈদ্যুতিক পণ্য রপ্তানি করা হচ্ছে।
মো. নাসিম উল্লাহ জানান, বাংলাদেশে উৎপাদিত ক্যাবল ও ট্রান্সফর্মার এখন ভারত, মায়ানমার ও মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হচ্ছে।
১৮ জুন মেলার উদ্বোধনী দিনে বৈদ্যুতিক শিল্প সংশ্লিষ্ট বিষয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা, মেলা কমিটির সভাপতি নুরুজ্জামান খান প্রমুখ।
মেলার সহ আয়োজক হিসেবে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট - বিজনেস প্রোমোশন কাউন্সিল এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো। মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চ্যানেল আই, রেডিও টুডে, দৈনিক ইত্তেফাক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, এনার্জি পাওয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১১৩ঘ.
bdnews24