২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও রাশিয়া বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোশারফ হোসেন এবং রাশিয়ান স্টেট এটমিক এনার্জি করপোরেশনের (রোসাতম) উপ-মহাপরিচালক এনএন স্পাসকি নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তিতে পারমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলা হয়েছে।(আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি প্রতিবেদক ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও রাশিয়া বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। (আরো তথ্যসহ-৩) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোশারফ হোসেন এবং রাশিয়ান স্টেট এটমিক এনার্জি করপোরেশনের (রোসাতম) উপ-মহাপরিচালক এনএন স্পাসকি নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তিতে পারমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলা হয়েছে। এসময় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ওসমান বলেন, "আমাদের একটি বিশেষজ্ঞ দল রাশিয়া সফর করবে। এরপরই আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় সম্পর্কে জানতে পারবো। আমরা ৬০০-১০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছি। "যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে আমাদের একই ধরনের সমঝোতা স্মারক রয়েছে। এরমধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাই আমরা নেওয়ার চেষ্টা করবো।" এন এন স্পাসকি বলেন, "এটি গুরুত্বপূর্ণ যে আমরা সমঝোতা স্মারক সই করেছি। এর ফলে আমরা কাজ শুরু তথা কার্যকর সহযোগিতা শুরু করতে সক্ষম হবো। এটি একটি বড়ো ধরনের চুক্তি, কাঠামোগত চুক্তি। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এই চুক্তি অপরিহার্য। "তাই আমি আশা করছি সমঝোতা স্মারক সই হওয়ায় উভয় পক্ষের সরকারি প্রক্রিয়া চূড়ান্তকরণ এবং সম্ভাব্য দ্রুত সময়ে এ ব্যাপারে একটি চুক্তি সম্পাদনের পথে আমরা অগ্রসর হতে পারবো।" উপ-মহাপরিচালক স্পাসকি বলেন, বাংলাদেশ শুধুমাত্র রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুই নয়, তার কৌশলগত অংশীদারও। বাংলাদেশ এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। তিনি বলেন, " আমি মনে করি সবদিক বিচারে রুশ প্রযুক্তি বিশ্বসেরা।" স্পাসকি জানান, গত ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট তার ভারত সফরের সময় আরো চারটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর নির্মাণের জন্য একটি নতুন চুক্তিতে সই করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সর্বত্র নিউক্লিয়ার রিঅ্যাক্টর নির্মাণ করছি। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য স্পাসকির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রুশ প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় আসে। কর্মকর্তারা গত সপ্তাহে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন করেছেন। গত মাসে ঢাকায় দুদেশের প্রতিনিধি দলের মধ্যে তিন দিনব্যাপী বৈঠকে এ সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাশিয়া বাংলাদেশকে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুদান নয় বরং সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই শর্ত নিরূপণ করবে। রাশিয়া ভারত,চীন, ইরানসহ বিভিন্ন দেশে এ পর্যন্ত মোট ৬৫টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এরমধ্যে শুধু গত বছরই স্থাপন করেছে ১০টি। এছাড়া বর্তমানে তারা আরও ১১টি কেন্দ্র স্থাপনের কাজ করছে। পাকিস্তান আমলে বাংলাদেশে প্রথম ১৯৬১ সালে পাবনার রূপপুরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল, যা আর এগোয়নি। রাশিয়া এই রূপপুর প্রকল্পের ব্যাপারেই আগ্রহী। বর্তমানে সারা বিশ্বে মোট উৎপাদিত বিদ্যুতের ১৬ শতাংশের যোগান দিচ্ছে ৪৩৯ টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএমএ/আরএ/জিএনএ/এইচএ/ ২২১৯ঘ.