২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া-প্রার্থনা

পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার সারা দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার সারা দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করেছে আওয়ামী লীগ। দলের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার সারাদেশে মসজিদ,মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা হয়েছে।" এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্যে দিয়ে তিন দিনের শোক কর্মসূচি পালন শুরু করে আওয়ামী লীগ। এদিন বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণুু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রোববার জরুরি সভা করে শোক পালনের সিদ্ধান্ত নেয়। শনিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ড. ওয়াজেদ মারা যান। তিন দিনের শোক কর্মসূচির শেষ দিন বুধবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক স্মরণ সভা হওয়ার কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাদ আসর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২২৪০ ঘ.