ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশীয় কর্তৃপক্ষ সেদেশ থেকে একটি জঙ্গি সংগঠন ঢাকার চারটি বিদেশী দূতাবাস ও হাইকমিশনে ফ্যাক্স বার্তা পাঠিয়ে আত্মঘাতী বোমা হামলার যে হুমকি দিয়েছে তা তদন্ত করে দেখবে।
দেশটির পুলিশ প্রধান মুসা হাসান শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।
ঢাকায় মার্কিন দূতাবাস এবং অপর তিনটি কূটনৈতিক মিশনে জঙ্গি হামলার হুমকি দিয়ে ফ্যাক্্রবার্তা পাঠানোর পরিপ্রেক্ষিতে রাজধানীর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মালয়েশিয়ার একটি ফ্যাক্স নাম্বার থেকে ওই বার্তাটি পাঠানো হয়।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মুসা হাসান রয়টার্সকে বলেন, "এই হামলার হুমকির বিষয়টি জানার পর আমাদেরকে এখন তদন্ত করে দেখতে হবে- যে (ফ্যাক্স) নাম্বার থেকে ওই হুমকি বার্তাটি পাঠানো হয়েছে সেই নাম্বার মালয়েশিয়ায় আদৌ আছে কি না।"
এই হুমকির প্রেক্ষিতে মলয়েশিয়ায় বিদেশি দূতাবাসের নিরাপত্তা জোরদারের প্রয়োজন আছে কিনা জানতে চাইলে মুসা বলেন, মলয়েশিয়ায় বিদেশি দূতাবাসের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুয়ালালামপুর ভিত্তিক একজন বিদেশি কূটনীতিক জানান, মালয়েশীয় কর্তৃপক্ষ সেদেশে অবস্থিত বিদেশি দূতাবাসের জন্য নিরাপত্তা জোরদার করেনি বা কোনো সতর্কতাও জারি করেনি।
রয়টার্সের খবরে বলা হয়, অজ্ঞাত পরিচয় জঙ্গি গোষ্ঠী 'জামিয়াহ ইসলামিয়া আল কায়েদা' বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং ব্রিটিশ, কানাডীয় ও অষ্ট্রেলীয় হাইকমিশনে ফ্যাক্স বার্তা পাঠিয়ে ওই কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে বলেছে। অন্যথায় দূতাবাসগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ব্রিটিশ, অস্ট্রেলীয় ও কানাডীয় হাইকমিশনে ফ্যাক্্র পাঠিয়ে হামলার হুমকি দেওয়া হয় বলে তিনি খবর পান। তবে শুধু মার্কিন দূতাবাস থেকেই ফ্যাক্সবার্তাটি তারা সংগ্রহ করতে পেরেছেন বলে তিনি জনান।
তিনি বলেন, "মালয়েশিয়া থেকে 'জামিয়াহ ইসলামিয়া আল কায়েদা'র নামে পাঠানো ওই ফ্যাক্সবার্তায় আগামী সাতদিনের মধ্যে এসব দেশের দূতাবাসগুলোর কার্যক্রম গুটিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে।"
ফ্যাক্স বার্তায় বলা হয়, ওই সংগঠনের এক বোমা বিশেষজ্ঞ মালয়েশিয়ায় কারাগারে বন্দি আছে। তাকে মুক্ত করার জন্য ওই দূতাবাসগুলোর কাছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এক লাখ ডলার চাওয়া হয়। তা না হলে দূতাবাসগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানান মহানগর পুলিশ কমিশনার।
এ হুমকির পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর দূতাবাস এলাকার নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। নিয়মিত ৬০০ সদস্যের নিরাপত্তা টিমের অতিরিক্ত ২০০ পুলিশ মোতায়েন করা হয়। এদের মধ্যে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশও রয়েছে। ২টি অতিরিক্ত টহল গাড়ি টহল দিচ্ছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কেএইচকে/বিডি/এইচএ/২৩০০ঘ.
bdnews24