২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের ঘটনায় বান্দরবানে ১০৮ বিডিআর সদস্য গ্রেপ্তার

বদ্রোহের ঘটনায় বান্দরবান ১০ রাইফেলস ব্যাটালিয়নের একজন উপ-সহকারী পরিচালকসহ (ডিএডি) ১০৮ সদস্যকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

বান্দরবান, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের ঘটনায় বান্দরবান ১০ রাইফেলস ব্যাটালিয়নের একজন উপ-সহকারী পরিচালকসহ (ডিএডি) ১০৮ সদস্যকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। বিদ্রোহের অভিযোগে করা একটি মামলায় বান্দরবানের বলিপাড়ায় অবস্থিত ১০ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে তাদের গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়। সন্ধ্যায় আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে। বান্দরবানের পুলিশ সুপার মো. শামসুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিদ্রোহ, সেনা কর্মকর্তাদের শারীরিক নির্যাতন এবং অস্ত্রাগার লুটের অভিযোগ আনা হয়েছে। তবে কতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে সে সংখ্যা তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেন। পুলিশ সুপার বলেন, "যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।" তিনি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৭ জেলায় মামলার করার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবানেও মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মামলাটি করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুল হক। রোববার বিকেলে বলিপাড়া থেকে সেনাবাহিনী ও পুলিশ কড়া প্রহরায় গ্রেপ্তারকৃত বিডিআর সদস্যদের গাড়িতে করে বান্দরবান সদরে আনা। সন্ধ্যা তাদের পাঠানো হয় জেলহাজতে। জেলা কারাগারের ফটকের সামনে সেনা কর্মকর্তা মেজর রাব্বী সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোট ১০৮ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন ডিএডি রয়েছেন। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। মেজর রাব্বী জানান, এতোদিন তালিকাভূক্ত বিডিআর সদস্যদের উপর কড়া নজরদারি রাখা হয়। রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.