২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর এপিপিসহ সাতজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

মুক্তিযুদ্ধের সময় বাবা ও দুই ভাইকে হত্যার অভিযোগে নাটোরে সরকারি কৌসুলি (সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি) অ্যাডভোকেট সামছুল হক ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল হাসান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

নাটোর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাবা ও দুই ভাইকে হত্যার অভিযোগে নাটোরে সরকারি কৌসুলি (সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি) অ্যাডভোকেট সামছুল হক ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল হাসান ভূঁইয়া। শুনানি শেষে হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় সামছুল হক ভুঁইয়া ছাড়াও সদর উপজেলার আবু বক্কার সিদ্দিক ওরফে তারা মিয়া, নেওয়াজ আলী, আব্দুল মান্নান, ফাইজুদ্দিন, সুলতান মিয়া ও নূরুজ্জামানকে আসামি করা হয়েছে। আবুল হাসান অভিযোগ করেন, তার বাবা নাসির উদ্দিন ভূঁইয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করায় আসামিরা সে সময়ে তাকে হুমকি দেন। তাদের হুমকি উপেক্ষা করে স্বাধীনতার পক্ষে কাজ করায় আসামিরা ওই বছর ২৭ এপ্রিল সকাল ১১টায় বাড়ি-ঘর লুটপাট ও অগ্নি সংযোগ করে নাসির উদ্দিন ভূঁইয়াকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর মাদ্রাসায় ধরে নিয়ে যায় এবং অমানুষিক নির্যাতন করে। পরে বিকেল ৪টার দিকে আসামিরা পাকিস্তানি বাহিনীকে খবর দিলে তারা এসে নাসির উদ্দিনকে ট্রাকে তুলে নিয়ে যায় এবং এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। ওই বছরের ১৪ ডিসেম্বর আসামিদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী বাদীর বড় ভাই আকরামুজ্জামানকে ধরে নিয়ে লক্ষ্মীপুর-হবিতপুর রাস্তায় গুলি করে হত্যা করে। তার চাচাতো ভাই তমিজউদ্দিনকেও একইভাবে লক্ষ্মীপুর বাজারের উত্তরে মমতাজ মুন্সির বাড়ির সামনের রাস্তায় গুলি করে হত্যা করা হয়। আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আসামিদের নির্যাতনের প্রত্যক্ষদর্শী। স্বাধীনতার পর আসামিরা প্রভাবশালী হয়ে উঠায় এতদিন তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি। সরকারি পদক্ষেপে আশ্বস্ত হয়ে এখন মামলা করেছেন। মামলার আসামি অ্যাডভোকেট সামছুল হক হক ভুঁইয়া বলেন, মামলার অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। কথিত ঘটনার সময় তিনি একজন কিশোর ছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, আদালত থেকে এ ধরনের কোন মামলা তার কাছে আসেনি। এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.