২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি জঙ্গি ইউনুস টাঙ্গাইলে গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটসহ কয়েকটি বোমা হামলা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য ইউনুস আলী ওরফে কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

টাঙ্গাইল, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটসহ কয়েকটি বোমা হামলা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য ইউনুস আলী ওরফে কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়ার মামা শামসুল আলমের বাড়ির রান্নাঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইউনুস ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ইউনুস নেত্রকোনায় উদীচীর কার্যালয় এবং ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলা মামলারও আসামি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। এর মধ্যে জয়পুরহাটের মামলায় তিনি গ্রেপ্তার হয়ে নয়মাস জেলহাজতে ছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন। গ্রেপ্তারের পর সকালে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, ইউনুসকে জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি টিম করা হয়েছে। ওসি জানান, ২০০৩ সালে জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট, ২০০৫ সালের আগস্টে ময়মনসিংহ শহরের একটি সিনেমা হলে বোমা হামলার ঘটনায় তিনটি এবং একই বছর নেত্রকোনা শহরের উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে ইউনুসের বিরুদ্ধে। অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, ইউনুস আলী ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ মাদ্রাসায় দাখিল পড়া অবস্থায় সিঙ্গাপুরে যান। সেখানে ২০ মাস থাকার পর দেশে ফেরেন। তাবলিগ জামাতের কথা বলে প্রায় বাড়িতে থেকে বেরিয়ে যেতেন তিনি। দেড় বছর আগে ইউনুস বগুড়ার গাবতলী উপজেলার কর্নিপাড়া গ্রামের আব্বাস আলী আকন্দ ওরফে ছোট গেদার মেয়ে খাদিজাকে বিয়ে করেন। তাদের ১১ মাসের একটি মেয়ে রয়েছে। শনিবার রাতেই তিনি ঢাকা থেকে স্ত্রীসহ মামার বাড়ি আসেন। ইউনুস জানান, সিঙ্গাপুর থাকার সময় টাঙ্গাইলের দেলদুয়ারের লাউহাটির আলী নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবি'র কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। জয়পুরহাটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও অন্য বোমা হামলা সম্পর্কে কিছু জানেন না বলে তিনি দাবি করেন। ২০০৭ সালে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ছয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে সিদ্দিকুল ইসলামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কর্নিপাড়া এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৫ ঘ.