২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফি বৃদ্ধির প্রতিবাদে নর্থ-সাউথের শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষে আহত ৬

সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি নর্থ-সাউথ ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী রাজধানীর বনানীতে রোববার দিনভর বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ ছাত্ররা বিকেলে ক্যাম্পাসে ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেমিস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে বেসরকারি নর্থ-সাউথ ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী রাজধানীর বনানীতে রোববার দিনভর বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ ছাত্ররা বিকেলে ক্যাম্পাসে ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়। পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) হাফিজ আক্তার জানান, বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখলে উপাচার্য বারবার পুুলিশকে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ছাত্ররা ভাঙচুর শুরু করে ও পুলিশের প্রতি ইট-পাটকেল ভাঙা কাঁচ নিক্ষেপ করে। এতে পুলিশের গুলশান জোনের এডিসিসহ আরও দু'জন আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, পুরাতন ছাত্রদের জন্য প্রতি ক্রেডিটে মাত্র ৫০০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর নতুন যারা ভর্তি হবে তাদের জন্য ৫৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, সাত বছর পর ফি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ বর্ধিত ফি প্রত্যাহারের ব্যাপারে রোববার কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। প্রতিবাদ-বিক্ষোভের অংশ হিসেবে সকালে ছাত্ররা বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনউ অবরোধ করে ও বিকেলে প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে। এসময় প্রশাসনিক ভবনের ভেতরে উপাচার্যসহ অন্য শিক্ষকরা ছিলেন। গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার হুরুন অর রশীদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানী ক্যাম্পাসে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। তারা বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে রাখে। পরে তারা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে এবং দুপুরের পর শিক্ষকদের ভেতরে রেখে বাইরে তালা লাগিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশফাক আলম জানান, তাদের প্রতি ক্রেডিট ফি ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৫ হাজার টাকা করা হয়েছে। তিনি জানান, গত ফেব্র"য়ারি মাসে একবার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন কর্তৃপক্ষ ফি না বাড়ানোর আশ্বাস দেয়। তিনি জানান, ফেব্র"য়ারি মাসে কর্তৃপক্ষ লিখিতভাবে শিক্ষার্থীদের জানায় যে পুরাতন শিক্ষার্থীদের বর্ধিত ফি দিতে হবে না। যারা নতুন ভর্তি হবে তাদের জন্য এই বর্ধিত ফি প্রযোজ্য হবে। রোববার শিক্ষার্থীরা নতুন সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন করতে এসে দেখেন নতুন-পুরাতন সবারই ফি বাড়ানো হয়েছে। এরপরই রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়ে তারা আন্দোলন শুরু করেন। তিনি জানান, সকালে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দেড়ঘণ্টা সময় চায়। এর মধ্যে কর্তৃপক্ষ কোনও সমাধানে ব্যর্থ হলে সকাল সাড়ে ১০টার দিকে তারা রাস্তায় গিয়ে অবস্থান নেন। তারা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কামাল আতাতুর্ক এ্যাভিনিউ অবরোধ করে রাখে। সকাল থেকে শুরু হওয়া আন্দোলন বিকাল পর্যন্ত চলে। বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ভাঙচুর শুরু করে। এসময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ছাত্ররা পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জিএনএ/এইচএ/২১৫০ ঘ.