ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার মৃত্যুতে সাবেক দুই রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুুরী ও হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
আলাদা শোক বার্তায় তারা প্রয়াত বিজ্ঞানীর প্রতি শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অন্যদের মধ্যে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত, জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান, সাবেক সাংসদ মঞ্জুর কাদের, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
ও ঢাকা পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকও পৃথক বাণীতে শোক প্রকাশ করেছেন।
শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ওয়াজেদ মিয়া ।
এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম, ঢাকা সাব এডিটরস কাউন্সিল,আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, ছাত্রলীগ, বিজিএমইএ, ভলিবল ফেডারেশন, বঙ্গবন্ধু যুব পরিষদ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন, জাতীয় মানবাধিকার সোসাইটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএস কমান্ড কাউন্সিল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২২২৫ ঘ.
bdnews24