ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে তিন দিনের শোক পালনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
রোববার বিকালে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদের মৃত্যুতে এই শোক পালনের সিদ্ধান্ত হয়।
কর্মসূচির মধ্যে আছে, ১১ মে সোমবার রাজধানীর মহানগরীর উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে দোয়া ও মিলাদ মাহফিল, ১২ মে মঙ্গলবার সারাদেশে মসজিদ-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও ১৩ মে বুধবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক স্মরণ সভা। এই তিনদিন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন ।
বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এক সভার পর দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের কাছে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, '' আওয়ামী লীগ মরহুম ড. ওয়াজেদ মিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দলীয়ভাবে এই তিনদিনের জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এসকে/১৮৩১ঘ.
bdnews24