রাজশাহী, মে ০৮ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকায় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে বাংলাদেশের অবস্থাও হবে পাকিস্তানের মতো।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর ভূবনমোহন উদ্যানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী জেলা শাখা আয়োজিত এক জনসভায় শাহরিয়ার কবির এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করতে দ্রুত ট্রাইব্যুনাল ও তদন্ত কমিশন গঠনসহ সব কাজ শেষ করারও দাবি জানান তিনি।
শাহরিয়ার কবির অভিযোগ করেন, বিচার কার্যক্রম শুরুতে দেরির কারণে স্বাধীনতা বিরোধীরা সারা দেশে মামলার সাক্ষীদের হুমকি-ভয়ভীতি দেখাচ্ছে এবং আলামত নষ্ট করছে।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, "যারা রাজনৈতিক দল খুলে ইসলামের নামে রাজনীতি করছেন তারাই আসল যুদ্ধাপরাধী। তাদের আগে বিচার করা দকরার।"
ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী শাখার সহ-সভাপতি ড. সুজিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক কমিটির সদস্য সচিব জিয়াদ আল মালু, নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম, রাজশাহী জেলা ন্যাপ সভাপতি মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ রফিক উদ্দিন আহমেদ, সিপিবির জেলা সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, জাসদ মহানগর কমিটি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও মহিলা পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক কল্পনা রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০৩৮ ঘ.
bdnews24