ব্রাহ্মণবাড়িয়া, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার আগামী বাজেটে (২০০৯-১০ অর্থবছরে) বয়স্ক ভাতা দ্বিগুণ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
ভাতা দ্বিগুণ করার পাশাপাশি তালিকা তৈরির দায়িত্ব সমাজসেবা কর্মকর্তাদের দেওয়া হবে বলেও তিনি জানান।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছয় জেলার সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "প্রায় ১১ বছর ধরে চালু থাকা বয়স্কভাতা বিগত সরকারগুলোর সময় যথাযথভাবে বিতরণ করা হয়নি। এ কারণে এখনো ছয়শ' কোটি টাকা পড়ে আছে।"
এ ক্ষেত্রে সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের কিছু গাফিলতি রয়েছে বলেও এনামুল হক জানান।
সভায় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ লুৎফুল হাই, সমাজসেবা বিভাগের মহাপরিচালক সিতাংশু সেন, জেলা প্রশাসক হাইয়ুল কাইয়ুম ও পুলিশ সুপার মোখলেছুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং নরসিংদীর ৭৮ জন সমাজসেবা কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24