২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে এক 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় বাবা ও দুই চাচাকে হত্যার অভিযোগে শেরপুরে এক 'রাজাকারের' বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

শেরপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাবা ও দুই চাচাকে হত্যার অভিযোগে শেরপুরে এক 'রাজাকারের' বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হয়েছে। দুপুরে বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শ্রীবরদী উপজেলার ঘোশালপুর গ্রামের মো. জসিম উদ্দিন। হাকিম মোহাম্মদ ইকবাল বাহার মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামি হলেন- মো. তাজুল ইসলাম (৫৫)। বাদী পক্ষের আইনজীবী এএইচএম আমিনুল ইসলাম হেলাল জানান, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য মো. তাজুল ইসলাম তার সহযোগীদের নিয়ে জসিমের বাবা জাবেদ আলী মণ্ডল এবং তার দুই চাচা আক্কাস আলী ও রহিজ উদ্দিনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের গুলি করে হত্যা এবং বাড়ির মালামাল লুট করে পাকিস্তানি হানাদার বাহিনীর এ সহযোগীরা। আইনজীবী জানান, ঘটনার সঙ্গে জড়িত রাজাকার বাহিনীর অপর ১১ জন সদস্য ইতোমধ্যে মারা যাওয়ায় তাদেরকে আসামি করা হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৬৪৩ ঘ.