ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও যোগাযোগের স্বার্থে বাংলাদেশের প্রধান নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে উন্নয়ন সহযোগীদের প্রতি আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশকে বহু নদ-নদীর সমন্বয়ে গঠিত একটি বদ্বীপ হিসেবে অভিহিত করে তিনি বলেন, যথাযথভাবে কাজে লাগলে এই প্রাকৃতিক সম্পদই অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম একটি উপায় হয়ে উঠবে।
গড়াই নদী খনন নিয়ে বুধবার জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি, বিশ্ব ব্যাঙ্কের আবাসিক পরিচালক, নেদারল্যান্ডস, জাপান ও জার্মানীর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, খাদ্য উৎপাদন বৃদ্ধি, নৌ-চলাচলকে সহজতর করে তোলা, সুন্দরবনকে বাঁচিয়ে রাখা ও দক্ষিণাঞ্চলের মাটি থেকে লবণাক্ততা কমিয়ে আনার জন্য জরুরিভাবে গড়াই নদী খনন করা দরকার।
বৈঠকে অন্যান্যের মধ্যে পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর সচিব ও তথ্য সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, শুধুমাত্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, দেশের অবশিষ্ট অংশের নদীগুলোর খননেও উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন।
প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে তার সরকারের প্রথম মেয়াদের শাসনামলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। সে সময় তার সরকারকে সমর্থন দেওয়ায় তিনি এফএও-কে ধন্যবাদও জানান।
এফএও প্রতিনিধি এড স্পাইকার্স উল্লেখ করেন, কৃষি উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফএও-এর সর্বোচ্চ 'সেরেস' পুরস্কার দেওয়া হয়।
উন্নয়ন সহযোগীরা নতুন সরকারের উদ্যোগের প্রতি তাদের সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন। কোন কোন খাতে সহযোগীরা উন্নয়ন সহায়তা দিতে বেশি আগ্রহী সে কথাও তারা তুলে ধরেন। পানি সম্পদ খাতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা ।
বৈঠকে প্রাতিষ্ঠানিক সংস্কার ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সামর্থ জোরদার করে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রধানমন্ত্রী গড়াই নদীর খনন কাজ অবিলম্বে শুরু করার ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।
কর্মসূচির দ্রুত বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায় থেকে নজর রাখার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/২৩৪০ঘ.
bdnews24