বেনাপোল, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোয়াইন ফ্লু প্রতিরোধে যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাত সদস্যের একটি চিকিৎসক দল ভাইরাস সনাক্ত করার জন্য বুধবার সকালে সেখানে কাজ শুরু করেছে।
চিকিৎসক দলের প্রধান ডা. নাজমুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রী ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে রপ্তানি পণ্যবাহী ট্রাক নিয়ে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আহসান জানান, ২৭ এপ্রিল থেকে চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা প্রাথমিকভাবে কাজ শুরু করেন। তবে এ পর্যন্ত ভাইরাস সংক্রমিত কাউকে পাওয়া যায়নি।
সোয়াইন ফ্লু মোকাবেলায় যশোরের ২৫০ শয্যার হাসপাতালে আলাদা একটি ইউনিট খোলা হচ্ছে বলেও তিনি জানান।
বেনাপোল চেকপোষ্ট অভিবাসন পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন বেনাপোল চেকপোষ্ট দিয়ে এক থেকে দেড় হাজার যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে।
এছাড়া ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন শত শত শ্রমিক রপ্তানি পণ্যবাহী ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে বলেও জানান তিনি।
চিকিৎসক দলের অন্য সদস্যরা হচ্ছেন বুরুজবাগার স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. এস কৃষ্ণদত্ত, ডা. ফারহান আফরোজ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. আব্দুল মান্নান, ডা. আমজাদ হোসেন, ডা. জ্যোতিষ চন্দ্র রায় এবং স্বাস্থ্য সহকারী প্রণয় কুমার সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/টিআর/১৭২৭ ঘ,
bdnews24