২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু পাচারের দায়ে সাতক্ষীরায় একজনের যাবজ্জীবন

শিশু পাচারের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার একটি আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা আদায়ে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

সাতক্ষীরা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশু পাচারের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার একটি আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা আদায়ে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সাদেক হোসেন (২৬) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সাদেক হোসেন নরসিংদী জেলার বেলাব গ্রামের নূরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল বাকি (১৪) ও একই গ্রামের আলিমুল্লাহর ছেলে আক্তার হোসেনকে (১৫) ফুসলিয়ে ভারতে পাচার করছিল। সাতক্ষীরার ভোমরা ক্যাম্পের বিডিআর টহলদল সীমান্ত থেকে শিশু দু'টিকে উদ্ধার এবং পাচারকারী সাদেক হোসেনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ভোমরা ক্যাম্পের সুবেদার আব্দুল মোতালেব বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ২৯ ডিসেম্বর একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সরোয়ার হোসেন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আসামি এখন জেল হাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.