ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আইন মন্ত্রণালয়ের এক জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইন মন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, এটর্নী জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত এটর্নী জেনারেল ইনায়েতুর রহিম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল, সাবেক এটর্নী জেনারেল মাহমুদুল ইসলাম, অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট বাসেত মজুমদার প্রমুখ।
প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠকের পর আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিট, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি, উচ্চ আদালতে এনবিআরের মামলাজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই ট্রাইব্যুনাল গঠন করা হবে। এছাড়াও দক্ষ, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত সংস্থা এবং আইনজীবীদের নিয়োগ দেওয়া হবে।"
পলাতক যুদ্ধাপরাধীদের বিচারে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করা হবে কি না- এই প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, "দরকার হলে সবার সঙ্গে আলাপ-আলোচনার পর তা করা হবে। সবকিছু চিন্তাভাবনা করেই শক্তভাবেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবো।"
বাড়ি বরাদ্দ বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে খালেদা জিয়ার রিট প্রসঙ্গে তিনি বলেন, "এ ব্যাপারে আমাদের অবস্থান সুদৃঢ়। আমি বিশ্বাস করি না তিনি আদালতে গিয়ে কোনো বেনিফিট (সুবিধা) পাবেন। কেননা অবৈধভাবে ওই বাড়িটি রাষ্ট্রপতির পক্ষে ক্যান্টনমেন্ট এস্টেট অফিসার বরাদ্দ দিয়েছিলেন।"
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়টি বিচারাধীন। সুতরাং এ নিয়ে মন্তব্য করা উচিত হবে না। আদালতেই এর সুরাহা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১৪০ ঘ.
bdnews24