২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলা দেখভালে জাতীয় মনিটরিং সেল হচ্ছে

এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলা পর্যবেক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের নেতৃত্ব জাতীয় পর্যায়ে 'মনিটরিং সেল' গঠন হচ্ছে। সেই সঙ্গে এসিড নিয়ন্ত্রণে প্রতিটি জেলার চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলা পর্যবেক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের নেতৃত্ব জাতীয় পর্যায়ে 'মনিটরিং সেল' গঠন হচ্ছে। সেই সঙ্গে এসিড নিয়ন্ত্রণে প্রতিটি জেলার চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা দেবে সরকার। জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলাগুলো পরিচালনায় নানা 'গাফিলতির কারণে' শেষ পর্যন্ত কী ফলাফল হয়- তা সরকারের নজরে না আসায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এসিডের শিকারদের চিকিৎসার টাকা নেই, গরিব শ্রেণী মামলা পরিচালনায় লোকবল ও অর্থ পায় না। এজন্যে মামলার ভাগ্যে কী হয় তার খোঁজখবর রাখা হয় না। সাহারা খাতুন বলেন, "এ সংক্রান্ত মামলার পেছনে লেগে থাকার জন্যে জাতীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। তা জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পুলিশ) এর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও সংগঠনের প্রতিনিধি থাকবে এই সেলে। এছাড়া ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া সহজতর করতে বিদ্যমান 'এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২' এ সংশোধনী আনা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩২৯ঘ.