চাঁদপুর, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের লন্ডনঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে শনিবার ১৩শ' বস্তা চালসহ একটি ট্রলার আটক করেছে পুলিশ।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চিরঞ্জীব দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাগজপত্র না থাকায় চাল আটক করা হয়েছে।
তিনি জানান, পুলিশের কাছে খবর ছিল- চালগুলো শুক্রবার ভোলার মেসার্স মক্কা রাইস এজেন্সি থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর সদরের আল আমিন রাইস এজেন্সির মালিক নুর নবীর আড়তে পাঠানো হয়। সেখান থেকে 'বিসমিল্লাহ-১' নামের একটি ট্রলারে করে চাঁদপুরের লন্ডনঘাট এলাকায় পাঠানো হয়। এখান থেকে চালগুলো সড়ক পথে আবার অন্যত্র নেওয়ার চেষ্টা চলছিল বলে তিনি দাবি করেন।
এসআই চিরঞ্জীব জানান, চালসহ ট্রলার পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24