ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশকে মর্যাদাবান একটি বাহিনী হিসেবে গড়ে না তুললে তাদের কাছ থেকে সেবা পাওয়া যাবে না বলে মত দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ।
রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে শনিবার সকালে পুলিশ মিডিয়া সর্ম্পক বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ বিরামহীনভাবে কাজ করে চলেছে। নির্ধারিত কোন সময় নেই। কোথাও বসার সুযোগ পর্যন্ত পায় না। কখনো কখনো ইট বা মাঠের মধ্যে বসেও দায়িত্ব পালন করতে হয় বলে মহাপরিদর্শক জানান।
নূর মোহাম্মদ পুলিশ বাহিনীর নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে বলে সবাই আশা করে থাকে।
তাদের এই চাওয়ার পেছনে যুক্তি আছে বলে স্বীকার করে তিনি বলেন, কিন্তু ভাঙ্গা গাড়ি, জনবলের অভাবসহ নানা সমস্যার কারণে সময় মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে না।
মহাপরিদর্শক বলেন, এই না পারার পেছনেও কারণ আছে। কিন্তু তা কেউ বুঝতে চায় না।
পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করে নূর মোহাম্মদ বলেন, "এ কথা নীতি নির্ধারকদের কাছে তোলা হয়েছে। কিন্তু কিছুই হয়নি।"
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ।
শওকত মাহমুদ বলেন, "পুলিশ ও সাংবাদিকের পেশার ধরন প্রায় একই রকম। তবে পুলিশ তথ্য চেপে রাখার চেষ্টা করে, আর সাংবাদিকদের কাজ তথ্য বের করে আনা।"
পুলিশ-সাংবাদিক সম্পর্ক দেখভাল করার জন্য তিনি পৃথক একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।
এর আগে মূখ্য আলোচক হিসাবে পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, পুলিশকে যদি কাজ করতে দেওয়া না হয় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা অর্থবহ হয়ে উঠবে না।
কমিশনার বলেন, "পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা নেতিবাচক চিন্তা-ভাবনা সবসময় কাজ করে। তা দুর করার জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।"
এ ব্যাপারে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগযোগ রক্ষা ও মতবিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24