ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি, বিদ্যুৎ, গ্যাস সংকট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে চার মাসের মাথায় তাদের পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসব সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে সংসদ ও রাজপথে লড়াই করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
খালেদা জিয়া শনিবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক জনসভায় সরকারকে উদ্দেশ্য করে বলেন, "গদি ছেড়ে দিন।"
বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ।
খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, '' পানি, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থানসহ নির্বাচনী ওয়াদা পূরণ করতে না পারলে সময় থাকতে ক্ষমতা ছেড়ে চলে যান। গদি ছেড়ে দিন, যাতে জনগণকে বাধ্য হয়ে আপনাদেরকে বিদায় করে না দিতে হয়। আর জনগণের দুর্ভোগ বাড়াবেন না।''
বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে পৌনে এক ঘন্টার বক্তব্যে বিরোধী দলীয় নেতা সরকারের চার মাসের কার্যক্রমের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ''এই চার মাসে সরকার দেশের জন্য কিছুই করতে পারেনি। বরং 'জঙ্গি জঙ্গি' বলে তারা দেশে এক ভীতিকর অবস্থা তৈরি করছে। তারা দেশে বিদেশী সৈন্য আনার পরিকল্পনা করছে।''
বিদ্যুতখাতে জোট সরকার আমলে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সংযোজন হয়নি ও ২০০০০ কোটি টাকা লুটপাট হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যকে মিথ্যাচার অভিহিত করে খালেদা জিয়া বলেন, ''প্রধানমন্ত্রীকে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে জবাব দিতে হবে।"
তিনি বলেন, "ওই পাঁচ বছরে এ খাতে বাজেটই ছিল ১৩০০০ কোটি টাকা, সেখানে ২০০০০ কোটি টাকা লুটপাট হয় কী করে?"
সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,'' আল্লাহর ঘর মক্কা থেকে এসে এভাবে মিথ্যাচার করা ঠিক নয়।''
খালেদা জিয়া দাবি করেন, তার পাঁচ বছরের আমলে জাতীয় গ্রিডে ১২৮০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ ও বড় পুকুরিয়ায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।"
পাল্টা অভিযোগ করে তিনি বলেন, একই সঙ্গে ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারিভাবে কোনো নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়নি।
তিনি বলেন, ''ওই সময়ে বেসরকারি খাতে আপনারা বিদ্যুৎ স্থাপনা করেছিলেন। তা থেকে পিডিবিকে চড়া দামে বিদ্যুত কিনতে হতো। সেজন্য এখনো পিডিবিকে ৫০০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।''
টিপাই নদীমুখে ভারতের অংশে বাঁধ নির্মাণ ও তালপট্টি অধিকারের বিষয়ে বাংলাদেশ সরকারকে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবি করে খালেদা জিয়া বলেন,'' টিপাইমুখে বাঁধ দিয়ে ভারত আরেকটি ফারাক্কা তৈরি করার ষড়যন্ত্র করছে। তালপট্টি আমাদের, তা ছাড়া যাবে না।''
পিলখানার ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্বের সমালোচনাও করেন তিনি। খালেদা জিয়া বলেন, ''আসল হত্যাকারীদের আড়াল করতে তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি করা হচ্ছে। আমাদের সীমান্ত আজ ফাঁকা হয়ে আছে। দেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে পিলখানার ঘটনা ঘটানো হয়েছে।''
শ্রমিকদের কল্যাণে তার সরকারের আমলে নানা কর্মসূচি গ্রহণের বর্ণনা দেন তিনি। শ্রমিকদের জন্য ৯৫০-১৬৬২ টাকা ন্যুনতম মজুরী নির্ধারণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, পরিবহন শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন, মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় ব্যবস্থা চালু , দক্ষ জনশক্তি সৃষ্টির জন্য ঋন প্রদান প্রভৃতি কার্যক্রমের কথা তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া দাবি করেন, তার সরকারের আমলে বেসরকারিখাতে অনেক নতুন শিল্প কল-কারখানা স্থাপন হওয়ায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। আদমজী মিল নিয়ে আওয়ামী লীগের এই অভিযোগ খন্ডন করে তিনি বলেন, ''আদমজী আমরা বন্ধ করিনি। সেখানে সব শ্রমিকদের দেনা-পাওনা মিটিয়ে দিয়ে ইপিজেড স্থাপন করা হয়েছে। যাতে আরও বেশি লোকের কর্মসংস্থান হয়।''
বিএনপি চেয়ারপারসন বর্তমান সরকারের গত চার মাসে শিক্ষাঙ্গনে 'নৈরাজ্যের' চিত্র তুলে ধরে বলেন, একে একে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বন্ধ হয়েছে। শিক্ষাকদের উপর হামলা হয়েছে। এই কি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন? এই কি দিন বদলের পালা ? এই চার মাসে বিএনপির একশ'র মতো নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ৩০ হাজার। অসংখ্য মানুষ ঘরবাড়ি ছাড়া।
খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে তার বাসা থেকে উচ্ছেদের প্রসঙ্গ টেনে বলেন, ''বর্তমান সরকারের আন্দোলনের 'ফসল' জরুরি সরকার আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিল। আজ এ সরকারও আমাকে শুধু বাড়ি থেকে নয় রাজনীতি থেকে উচ্ছেদ করতে চায়। আমি জনগণের সঙ্গে আছি, থাকব। কেউ আমাকে তাদের কাছে থেকে সরিয়ে নিতে পারবে না।''
পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয় বিকেল তিনটার কিছু সময় পর। বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়া মঞ্চে এসে পৌঁছান। মঞ্চে উঠে তুমুল করতালির মধ্যে তিনি দুই হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের অভিনন্দনের জবাব দেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দলসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দুপুরে একটা থেকে পল্টনে আসতে শুরু করেন। মিছিলকারীরা রঙিন ব্যানার, খালি কলসি ও হারিকেন নিয়ে আসেন। ব্যান্ড সঙ্গীতের দলও ছিলো মিছিলের সঙ্গে। পল্টন ময়দানে ঢোকার পথে নিরাপত্তা বাহিনী সদস্যরা নেতা-কর্মীদের দেহ তল্লাশি করেন। খালেদা জিয়া বক্তব্য দেওয়ার আগেই পল্টন ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজউক এভিনিউ, জিরো পয়েন্ট, মুক্তাঙ্গন, বায়তুল মোকাররম দক্ষিণ গেইটসহ পুরো এলাকায় নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীর বক্তব্য শোনে।
শ্রমিক দলের সমাবেশ উপলক্ষে পল্টন ময়দানসহ তার আশ-পাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দুই স্তর বিশিষ্ট এ নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ অস্ত্রসজ্জিত 'সোয়াত' সদস্যরা মঞ্চ ঘিরে রাখেন। আশপাশে ছিলেন র্যাব সদস্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হকি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নেন। পাশের শিল্প ভবন ও রাজউক ভবনের ছাদেও ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ময়দানের আশপাশে বসানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা।
বিএনপির সহযোগী শ্রমিক সংগঠন শ্রমিক দলের এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।
জনসভার মঞ্চে শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ছিলেন।
মঞ্চের পেছনের ব্যানারে লেখা ছিল- '১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত অব্যাহত সংগ্রামের তিন দশক'। ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি।
এর আগে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সালাউদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, সাংসদ বরকত উল্লাহ বুলু, মজিবর রহমান সারওয়ার, আমান উল্লাহ আমান, হামিদুল্লাহ খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক নেতা আবুল কাশেম চৌধুরী, নুরুল ইসলাম খান নাসিম, ছাত্র দলের সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবুসহ সহযোগী সংগঠনের নেতারা।
মূল মঞ্চের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আলতাফ হোসেন চৌধুরী, ফজলুর রহমান পটল, নাজিমউদ্দিন আলম, খায়রুল কবির খোকন, সিরাজুল ইসলাম সেলিম, আবদুস সালামসহ দলের বর্তমান ও সাবেক সাংসদ, কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের কমিশনারসহ অঙ্গসংগঠনের নেতারাও ছিলেন।
সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজধানীর কোনো জনসভায় বক্তব্য রাখলেন খালেদা জিয়া। গত ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে পল্টন ময়দানে তিনি বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এজে/জিএনএ/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24