ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলের নেতা খালেদা জিয়া সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, এই চার মাসে সরকার দেশের জন্য কিছুই করতে পারেনি। বরং পদে পদে সমস্যার সৃষ্টি করেছে।
তিনি বলেন, তারা জনগণকে বিদ্যুৎ, গ্যাস ও পানি দিতে পারেনি। কাজ দিতে পারেনি। মানুষকে শান্তি দিতে পারেনি। (বিস্তারিত আসছে)
খালেদা জিয়া শনিবার বিকেলে পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে ভাষণে এসব কথা বলেন।
সমাবেশস্থল থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ।
বিএনপি চেয়ারপারসন সরকারের এ চার মাসে শিক্ষাঙ্গনে নৈরাজ্যের চিত্র তুলে ধরে বলেন, একে একে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বন্ধ হয়েছে। শিক্ষাকদের উপর হামলা হয়েছে। এই কি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন? এই কি দিন বদলের পালা ? এই চার মাসে বিএনপির একশ'র মতো নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।
পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয় বিকেল তিনটার কিছু সময় পর। বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়া মঞ্চে এসে পৌঁছান। মঞ্চে উঠে তুমুল করতালির মধ্যে খালেদা জিয়া দুই হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের অভিনন্দনের জবাব দেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দলসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দুপুরে ১টা থেকে পল্টনে আসতে শুরু করেন। ময়দানে ঢোকার পথে নিরাপত্তা বাহিনী সদস্যরা নেতা-কর্মীদের দেহ তল্লাশি করেন।
শ্রমিক দলের সমাবেশ উপলক্ষে পল্টন ময়দানসহ তার আশ-পাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই স্তর বিশিষ্ট এ নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ অস্ত্রসজ্জিত 'সোয়াত' সদস্যরা মঞ্চ ঘিরে রেখেছেন। আশপাশে রয়েছেন র্যাব সদস্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হকি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। পাশের শিল্প ভবন ও রাজউক ভবনের ছাদেও রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ময়দানের আশপাশে বসানো আছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
বিএনপির সহযোগী শ্রমিক সংগঠন শ্রমিক দলের এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান। সমাবেশ পরিচালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।
জনসভার মঞ্চে শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন।
মঞ্চের পেছনের ব্যানারে লেখা রয়েছে- '১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত অব্যাহত সংগ্রামের তিন দশক'। ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি রয়েছে।
মঞ্চে আছেন- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, সহ সভাপতি তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, যুগ্মমহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মইন খান, আ স ম হান্নান শাহ, মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা প্রমুখ।
মূল মঞ্চের পাশে দলের বর্তমান ও সাবেক সাংসদ, কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের কমিশনারসহ অঙ্গসংগঠনের নেতারাও ছিলেন।
সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজধানীর কোনো জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। গত ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে পল্টন ময়দানে তিনি বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এজে/জিএনএ/এইচএ/১৮১২ ঘ.
bdnews24