ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অফিসের 'অপ্রয়োজনীয়' জনবল কমাতে সরকারের চিন্তাভাবনাকে 'অপচয়রোধে সমন্বয়সাধন' হিসেবে আখ্যায়িত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, "সরকারি অফিসে অনেক অনেক কর্মহীন লোক রয়েছেন। রাজস্বের বেশিরভাগই খরচ হয়ে যাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে। তাই জনবল কমানোর চিন্তাভাবনাটা শ্রমিক ছাঁটাই নয়। এটা অপচয়রোধে সমন্বয় সাধন করা।"
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবস উপলক্ষে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) এক অনুষ্ঠানে একথা বলে তিনি।
অনুষ্ঠানে বিকেএমইএর তালিকাভূক্ত সেরা ১০টি শ্রমবান্ধব কারখানাকে পুরস্কার দেওয়া এবং পোশাক শিল্প শ্রমিকদের লেখা নিয়ে প্রকাশিত মাসিক শ্রমবার্তা পত্রিকার উদ্বোধন করা হয়।
২০০৬ সালের শ্রম আইনকে যুগোপযোগী করার আশ্বাস দিয়ে শ্রমমন্ত্রী বলেন, "এজন্য উদ্যোক্তা ও কর্মী দু পক্ষের সঙ্গে আলোচনায় বসবো আমরা।"
তিনি বলেন, "আমরা নারী শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য ৬টি বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই। এতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া গ্রাম থেকে আসা নারী শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে ঢাকায় একটি ডরমিটরি করারও চিন্তাভাবনা করছি।"
বাংলাদেশের বৃহত্তম রপ্তানিকারক নিট পোশাক শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন খন্দকার মোশাররফ।
বাংলাদেশের নিট খাতের সম্ভাবনা তুলে ধরে অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, "নিট পোশাক রপ্তানিতে আমরা এখন পুথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। আগামী চার বছরে আমরা তুরস্ককে টপকিয়ে দিতীয় অবস্থানে এবং ১০ বছরের মধ্যে চীনকে টপকিয়ে প্রথম স্থানে চলে যেতে পারবো।"
বিকেএমইএর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, "আমরা ৩০০ কারখানার শ্রমিককে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য প্রশিক্ষণ দিয়েছি। মালিকদের কোনও সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ এই প্রথম। এছাড়া বিকেএমইএ বাংলাদেশে প্রথম শ্রমিকদের লাইফ ইন্সুরেন্সের উদ্যোগ নিয়েছে।"
২০০৯ সালের মধ্যে বিকেএমইএর সব কারাখানাতে শ্রম আইন প্রয়োগ করে কমপ্ল্যায়েন্স কারখানাতে পরিণত করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিকেএমইএর সেরা শ্রমবান্ধব কারখানা-২০০৯ এর পুরস্কার পেয়েছেন ডার্ড কম্পোজিট টেক্সটাইলস, ফোর ফ্যাশনস, ফখরুদ্দীন টেক্সটাইল মিলস, ফকির অ্যাপারেলস, গ্রামীণ নিটওয়্যার, কেসি অ্যাপারেলস, মেট্রো নিটিং এন্ড ডায়িং মিলস, মিডল্যান্ড নিটওয়্যার, স্কয়ার ফ্যাশনস এবং এস এম নিটওয়্যার।
অনুষ্ঠানে ১৮ শ্রমিককে এক লাখ টাকা করে জীবন বীমার চেকও হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৫২০ ঘ.
bdnews24